এখনও হ্যাকারদের দখলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ গতকাল শনিবার সন্ধ্যা সাতটার পর থেকে হ্যাকারদের দখলে। রবিবার রাত পর্যন্ত এই পেজ উদ্ধার করা যায়নি।

গতকাল সন্ধ্যা থেকেই পেজে আটটি বিদেশি মুভির ক্লিপ পোস্ট হয়েছে সেখানে। এই পেজ হ্যাকিংয়ের শিকার হওয়ার খবর নিশ্চিত করেছে বাফুফে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটি উদ্ধারে কাজ করছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

বাফুফের মিডিয়া উইং এই পেজ ম্যানেজ করে। গত ফেব্রুয়ারিতে চালু হওয়া এই পেজে ছেলে ও মেয়েদের জাতীয় ফুটবল দলের সব ধরনের আপডেট খবর প্রকাশ করে। ১৭ হাজার লাইক ও ৭৮ হাজার ফলোয়ারের এই পেজ অবশ্য ভেরিফায়ের নয়।

কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজও হ্যাকড হয়েছিল। পরে তা উদ্ধার করা হয়।