দুই হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে ৮ গোল দিলো ব্রাদার্স

ফেডারেশন কাপে প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ঢাকা ওয়ান্ডারার্সকে গোলবন্যায় ভাসিয়েছে গোপিবাগের দলটি। মুস্তাফা দ্রামেহ ও সাজ্জাদ হোসেনের হ্যাটট্রিকে ব্রাদার্স ৮-০ গোলে পরাস্ত করেছে একসময়ের ঐতিহ্যবাহী দলকে।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় হয়েছে জোড়া হ্যাটট্রিক। ব্রাদার্সের গাম্বিয়ান ফরোয়ার্ড দ্রামেহ আর সাজ্জাদ ৩টি করে গোল করেন। অন্য দুই গোল কাওসার আলী রাব্বি আর এলিটা কিংসলের।

ম্যাচের শুরু থেকে ব্রাদার্সের দাপট। ৮ মিনিটে কাওসার আলী রাব্বির গোলে এগিয়ে যায় কমলা জার্সিধারীরা। ২৪ মিনিটে মুস্তাফা স্কোরলাইন ২-০ করেন। এরপর সাজ্জাদের দুই গোলে ব্রাদার্স এগিয়ে যায় ৪-০ গোলে। গোল দুটি এসেছে ২৮ ও ৪৮ মিনিটে। 

৬৫ ও ৭০ মিনিটে দ্রামেহ আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর জাতীয় দলে একসময় খেলা সাজ্জাদ হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৮১ মিনিটে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ব্রাদার্সকে ৮-০ গোলের বড় জয় এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট ব্রাদার্সের। ওয়ান্ডারার্স পয়েন্টের খাতা খুলতে পারেনি।