ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো দেশের ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ২০০২ বিশ্বকাপ জেতা এই ব্রাজিরিয়ান খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। এবার তিনি দেশের ফুটবল প্রধান হতে লড়বেন।
লা লিগার ক্লাব রিয়াল ভায়োদোলিদের মালিকানায় আছেন রোনালদো। এবারে আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের স্থলাভিষিক্ত হওয়ার প্রত্যাশা তার।
গ্লোবো স্পোর্তকে রোনালদো বললেন, ‘সিবিএফ প্রেসিডেন্টের জন্য প্রার্থী হতে শতশত বিষয় আমাকে উজ্জীবিত করছে। আমি সেলেসাওদের হারানো সম্মান ও গৌরব পুনরুদ্ধার করতে চাই, যেটা সবসময় ছিল কিন্তু এখন নেই।’
সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে রোনালদো। সেই সমর্থন জোগাতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি।