ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা চলছে যুগ যুগ ধরে। সহজেই কেউ অন্য দেশে গিয়ে খেলতে চায় না। সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো হতে যাচ্ছে হোম-অ্যাওয়ে ভিত্তিক। তবে ১৫ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। আজ নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
সাফের নতুন ফরম্যাটে প্রতিটি দল নিজেদের ভেন্যুতে ও বাইরে তিনটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল খেলবে ফাইনালে।
সভাতে মেয়েদের ক্লাব পর্যায়েও টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ এবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক হবে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। নতুন পদ্ধতিতে ব্যয়ও বাড়বে। শেষ মুহূর্তে হোম অ্যান্ড অ্যাওয়ে টুর্নামেন্ট যদি নানান জটিলতায় না হয় তাহলে আগের মতো একটি ভেন্যুতে হবে। তিন সপ্তাহের মধ্যে সব চূড়ান্ত হবে।’
এরপর যোগ করে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আজকের সভায় ২০২৫ সালের ক্যালেন্ডার অনুমোদিত হয়েছে। সেখানে প্রথমবারের মতো নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ যোগ হয়েছে। আমরা এটা এই বছরই করবো নিজস্ব অর্থায়নে।’
আজকের সভায় মার্কেটিং কোম্পানি স্পোর্টস ফাইভের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির আলোকে সাফের কয়েকটি টুর্নামেন্ট সেই কোম্পানি ব্যয় বহন করবে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদকের কথা, ‘সাফ মেন্স ও ওমেন্সের পাশাপাশি সাফ ২৩ এবং সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ এই চার টুর্নামেন্টের সঙ্গে মার্কেটিং কোম্পানির চুক্তি হয়েছে। ২০২৬ সাল থেকে প্রতি বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে।’
ক্লাব চ্যাম্পিয়নশিপের রুপরেখা নিয়ে সাফের সাধারণ সম্পাদক হেলাল ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে আটটি দল অংশগ্রহণ করবে। র্যাংকিংয়ে শীর্ষে থাকা দেশের ক্লাব দুটি, বাকি দেশগুলো থেকে একটি ক্লাব অংশ নেবে। আটটি ক্লাব দুই গ্রুপে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। ফাইনালটি হবে হোম অ্যান্ড অ্যাওয়ে।’
পুরুষ ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতি বছর হলেও নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে এক বছর অন্তর অন্তর। এর কারণ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘মার্কেটিং কোম্পানি পুরুষ ক্লাব চ্যাম্পিয়নশিপের বিষয়ে চুক্তি করেছে। নারী ক্লাব আমাদের নিজস্ব অর্থায়ন করবো, ফলে এটি প্রতি বছর আয়োজন কষ্টসাধ্য। এজন্য এক বছর নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ, পরের বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপ (জাতীয় দল) হবে।’