‘ওদের গোলকিপার অবিশ্বাস্য খেলেছে, ওর কারণে হেরেছি’

প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী মোহামেডানের জয়যাত্রা প্রথমবারের মতো থামিয়ে দিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল। অবিশ্বাস্যভাবে আলফাজ আহমেদের দলকে হারিয়ে দারুণ চমকের পাশাপাশি বড় অঘটনের জন্ম দিয়েছে। এই জয়ের পেছনে উজবেকিস্তানের মিডফিল্ডারের মতো সমান অবদান বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকীর।

উজবেকিস্তানের মিডফিল্ডার সারদোর জাহোনোভের দারুণ এক বুলেট গতির শটে এগিয়ে যায় ইয়ংমেন্স। এরপর শেষের দিকে মোহামেডান আরও মরিয়া হয়ে গোল শোধ দেওয়ার চেষ্টা করলে তাতে বড় বাধা হয়ে দাঁড়ান তৈয়ব। তেকাঠির নিচে যেন মূর্তিমান আতঙ্ক ছিলেন। একের পর এক শট রুখে দিয়ে দলকে গোল হজম করতে দেননি। তাই তো ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

এমন ম্যাচ হারে মোহামেডান কোচ আলফাজ প্রতিপক্ষ গোলকিপারের অসামান্য অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন। ঢাকায় আসতে আসতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তো বলতে গেলে আক্রমণ করেই খেললাম। এখন গোল না পেলে কী করার আছে। তবে ওদের গোলকিপার অবিশ্বাস্য খেলেছে। ওদের গোলটা যেমন ভালো হয়েছে, তেমনই গোলকিপার আমাদের গোল করতে দেয়নি। ওর কারণে ম্যাচে হেরেছি।’

এরপর অবশ্য নিজেদের দায়টাও দেখছেন সাবেক তারকা স্ট্রাইকার, ‘আমার মনে হয় প্রতিপক্ষকে একটু হালকা করে দেখেছে খেলোয়াড়রা। আরেকটু সিরিয়াস হলে এমন ফল হতো না। এই হার আমাদের জন্য বড় বার্তা। কোনও দলকে ছোট করে দেখতে হয় না। সামনের দিকে সেভাবে আমরা মাঠে নামবো।’