নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলারদের সঙ্গে ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরও সেই দূরত্ব ঘোচেনি। নতুন চুক্তির পর বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরলেও তার ডাকে সাড়া দিচ্ছেন না সাবিনা-মাশুরারা।
১৫ জানুয়ারি বাফুফের ক্যাম্পে ফিরেছেন মেয়েরা। ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার বাটলার মেয়েদের সঙ্গে সভা করতে চাইলেও সাড়া পাননি। তারা বাটলারের অধীনে ট্রেনিং করবেন না। তবে অন্য কোনও কোচের অধীনে ট্রেনিং করতে তাদের আপত্তি নেই।
গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন নানা ঘটনার জেরেই মেয়েদের এই কঠোর অবস্থান। দলের এক সিনিয়র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বাটলারকে বয়কট করেছি, তবে ট্রেনিং না। অন্য কোচের অধীনে ট্রেনিং করতে আমাদের সমস্যা নেই।’
গতকাল মেয়েদের শুধু জিম সেশন ছিল। মাঠে কোনও ট্রেনিং ছিল না। বুয়েটের মাঠও আপাতত পাওয়া যাচ্ছে না। জিমে অংশ নিয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া সব ফুটবলার। তবে মঙ্গলবার তারা কোচের ডাকে সাড়া দেননি। আজ তাদের ছুটি। বাটলারও স্বীকার করেছেন, মেয়েরা তার সঙ্গে সভা কিংবা অনুশীলন করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
এ প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।’
এদিকে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে আছেন। তাই মেয়েরা তার সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় আছেন।