ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে শৈশবে মুগ্ধ হয়ে থাকতেন কিলিয়ান এমবাপ্পে। পর্তুগিজ উইঙ্গারকে মানতেন আইডল, এখনও মানেন। তারই দেখানো পথে হেঁটে গায়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সি। সিআরসেভেনের মতো সাফল্য শেষ পর্যন্ত এমবাপ্পে পাবেন কি না, তা বলে দেবে সময়। কিন্তু এরই মধ্যে রোনালদোর ছেলে ফরাসি ফরোয়ার্ডের প্রতি অনুরাগী হয়ে উঠেছে।
একটি পডক্যাস্টে রোনালদো জানালেন, তার ছেলে মাত্তেও এমবাপ্পেকে ভালোবাসে। এমনকি এই তরুণ ফরোয়ার্ডকে তার বাবার চেয়েও ভালো খেলোয়াড় মনে করে।
রোনালদো বলেছেন, ‘আমার ছেলে মাত্তেও এমবাপ্পেকে ভালোবাসে। সে আমাকে বলেছে, এমবাপ্পে তোমার চেয়ে ভালো। আমি ওকে বললাম তোমার বাবা আরও ভালো ছিল, তার গোল অনেক।’
এমবাপ্পে গোলমুখের সামনে নিজেকে প্রমাণিত করে যাচ্ছেন। এই মৌসুমে রিয়ালের শীর্ষ গোলদাতা তিনি। অন্যদিকে রোনালদো এক হাজার ক্যারিয়ার গোলের বেশ কাছে। ৯২০ গোল তার নামের পাশে। আছে পাঁচটি ব্যালন ডি’অর, যেখানে এমবাপ্পে জেতেননি একটিও।