বাটলারের বিরুদ্ধে সাবিনাদের অভিযোগ খতিয়ে দেখতে বাফুফের বিশেষ কমিটি

নারী দলের কোচ পিটার বাটলার  থাকলে অনুশীলনে নামবেন না, পাশাপাশি  ফুটবল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার। কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতেই বিশেষ একটি কমিটি গঠন করেছে ফুটবল ফেডারেশন। 

বৃহস্পতিবার রাতেই জরুরি সভা ডেকে সাত সদস্যের কমিটি গঠন করেছেন সভাপতি তাবিথ আউয়াল। যেখানে প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। তার সঙ্গে আছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম ও সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। 

বাফুফে সূত্রে জানা গেছে, মেয়েদের এসব অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হবে। প্রতিটি নারী ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও অভিযোগ শোনা হবে। এরপর আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি তাদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন জানাবে।

এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।