সকালে বাটলারের অধীনে মাঠের অনুশীলন হবে, কিন্তু…

ইংল্যান্ড থেকে ফিরে পিটার বাটলার স্বস্তিতে নেই। নারী ফুটবলারদের বিদ্রোহ-বয়কটসহ নানান কিছু তাকে দেখতে হচ্ছে। এরই মধ্যে ১৮ জন ফুটবলার বাটলার কোচ থাকলে অনুশীলনে একদমই যাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এই অবস্থায় শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠের অনুশীলনের সূচি দিয়েছেন বাটলার। সকাল সাড়ে ৬টার অনুশীলনে বয়কটের বাইরে যারা আছেন, তাদের নিয়েই অনুশীলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এ নিয়ে কেউই মুখ খুলতে চাননি। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন বাংলা ট্রিবিউনকে রাতে শুধু বলেছেন, ‘কাল সকালে অনুশীলনের বিষয়টি আমাদের জানা নেই।’

আপনারা তো বাটলারকে বয়কট সিদ্ধান্তেই অনড় আছেন, এমন প্রশ্নের উত্তরে নতুন করে কিছু বলেননি সাবিনা।

এদিকে, কোচ-খেলোয়াড়দের মধ্যে এমন দ্বন্দ্ব নিয়ে বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়েদের অবশ্যই বাংলাদেশের ফুটবলে একটা ভালো অবদান রয়েছে। কিন্তু ভালো অবদান থাকার পরেও কারও কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু ঠিক না। সে কোচ, খেলোয়াড় ও কর্মকর্তা যিনিই হোন না কেন। আমরা আশা করছি, একটা সুন্দর সমাধানে পৌঁছাতে পারবো।’

শনিবার বিকাল থেকে তদন্ত কমিটি সরাসরি সবার সঙ্গে কথা বলবে।