নিজের চেয়ে ভালো কাউকে দেখেন না রোনালদো

আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কোনও রাখঢাক না রেখেই নিজেকে শ্রেষ্ঠ বলে আসছেন। ফুটবলে তৈরি হওয়া সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অনেকবারই নিজের নাম ঘোষণা করেছেন তিনি।

সম্প্রতি স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সতাকে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিজেকে আবারও সেরাদের সেরা দাবি করেছেন। নিজেই নিজেকে সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড় মনে করেন রোনালদো।

বুধবার ৪০তম জন্মদিন পালন করতে যাওয়া রোনালদো বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি কখনও আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি বিশ্বাস করি আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

ব্যাখ্যাও দিলেন তিনি, ‘আমি ফুটবলে সবকিছু করতে পারি। আমি হেডিংয়ে ভালো। ফ্রি কিকও ভালো করতে পারি, আমার বাঁ পা দিয়ে শুট করতে পারি। আমি ক্ষিপ্র এবং শক্তিশালী। কেউ মেসি, পেলে কিংবা ম্যারাডোনার নাম বলে। আমি বুঝি এবং শ্রদ্ধাও করি। কিন্তু ক্রিস্টিয়ানো পরিপূর্ণ খেলোয়াড় নয়, সেটা বলা মিথ্য। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

সৌদি আরবে নিজের ভবিষ্যৎ নিয়ে রোনালদো বলেছেন, ‘সৌদি আরবে ভালোই চলছে। প্রায় দুই বছর হয়ে গেলো এবং আমি অভিজ্ঞতাটা উপভোগ করছি। এখানে থাকতে ভালো লাগছে, আমার পরিবারেরও। আমি সবসময় নিজের জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি, যখন আমার ১২ বছর, সেই মাদেইরা ছাড়ার পর থেকে। আমি বড় চ্যালেঞ্জে আতঙ্কিত নই, আরও ভালো লাগে।’

তিনি আরও বলে গেলেন, ‘সৌদি আরবে যাওয়া আর ইউরোপে খেলা এক ছিল না। কিন্তু আমার ঘুম হারাম হয়ে যায়নি। আমি জানতাম এখানকার লিগ কেমন। ফুটবলে আপনাকে সব জানতে হয়। আমার জীবনের এটা ভিন্ন বাঁক এবং আমার ভালো লাগে অনেক।’

অবসর প্রসঙ্গে রোনালদো বললেন, ‘আমি আজকেই খেলা থেকে অবসর নিতে পারতাম, কোনও কিছু নিয়ে অনুতপ্ত হতাম না। কিন্তু এটা হতো লজ্জার কারণ আমি এখনও ভালো অবস্থায় আছি। আমি পার্থক্য গড়তে পারি। আমি নিজেকে বলতে পারি ‘এখনও এক দুই বছর আমি পার্থক্য তৈরি করতে পারবো। এ কারণেই আমি বর্তমান নিয়ে বসবাস করি, অনেক দূরের চিন্তা করি না।’