একুশে পদক পাচ্ছে নারী ফুটবল দল, উচ্ছ্বসিত সাবিনা

ক্রীড়াক্ষেত্রে একুশে পদকের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করা হয়েছে। কোনও দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনে প্রথম। এমন ঘোষণার পর ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস কম নয়।

গত এক যুগ ধরে নারী ফুটবলে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়ে আসছে। বয়সভিত্তিক ফুটবল ছাড়াও সিনিয়রদের আসরে একের পর এক ট্রফি ধরা দিয়েছে। 

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে তো টানা দুবার ২০২২ ও ২৪ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দুটিই ছিল নেপালের কাঠমান্ডুতে। 

একুশে পদক পাওয়ায় খবর শুনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন উচ্ছ্বসিত, ‘একুশে পদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরস্কারের জন্য আমাদের মনোনীত করায় সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই পুরস্কার শুধু নারী দল নয়, পুরো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে মনে করি।’