লেটন অরিয়েন্ট আরেকটু হলেই ম্যানসিটির বিপক্ষে অঘটন ঘটাতে বসেছিল। তারা না পারলেও পেরেছে প্লিমাউথ আরগিল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে হেরেছে লিগ জায়ান্ট লিভারপুল।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে ১-০ গোলে লিভারপুলের বিপক্ষে জিতেছে প্লিমাউথ।
দ্বিতীয়ার্ধে রায়ান হার্ডির পেনাল্টি গোলে হার মানে লিভারপুল। প্লিমাউথের বক্সে হার্ভি এলিয়টের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি গড়ে দেয় পার্থক্য। তাতে সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে চতুর্থ হার দেখলো আর্নে স্লটের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল। লিগ কাপেও ফাইনালে উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তারা খেলবে লিগ পর্বে দাপট দেখিয়ে। কিন্তু এফএ কাপে হার মানলো অলরেডরা।
এই ম্যাচের জন্য স্লট তার তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। স্কোয়াডে ছিলেন না মোহাম্মদ সালাহ ও কডি গাকপো। তার মাশুল গুনতে হলো।
আর প্লিমাউথ তাদের ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় জয়ে লিভারপুলের অভূতপূর্ব চার শিরোপা অর্জনের আশায় ইতি টানলো।
গোলমুখে কিপার কনর হ্যাজার্ড ও সেন্টারব্যাক নিকোলা কাটিচ এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইমে কয়েকটি সেভে হোম পার্কে আগত স্বাগতিক ভক্তদের স্মরণীয় এক ম্যাচ উপহার দেন হ্যাজার্ড।