আরব আমিরাতের কাছে হেরে বাস্তব জগতেই আছেন বাটলার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সাবিনাসহ ১৮ জন খেলোয়াড় ছাড়া নতুন এক বাংলাদেশ দল নিয়ে কোচ পিটার বাটলার ব্যর্থ হয়েছেন। স্বাভাবিকভাবে হতাশ ইংলিশ কোচ। তবে হতাশ হলেও নতুনদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন ৫৮ বছর বয়সী কোচ।

আগের রাতে ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে খুশি বাটলার,‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলবে সংযুক্ত আরব আমিরাতকে আমরা (অনেকক্ষেত্রে) ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি।’

মেয়েদের প্রশংসা করে বাটলার বলেছেন,‘যেকোনও ম্যাচ হেরে যাওয়া হতাশার। আগেও বলেছি, মাঠে নামার মধ্যে দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেভাবে মেয়েরা খেলেছে অসাধারণ। দারুণ ফুটবল খেলেছে তারা।’

নতুন দল নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তবে বাটলার  আছেন আফঈদা-মুনকিদের পাশে,‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। (এই সফরে) আমি মনে করি, জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’

মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বলেছেন,‘ফুটবল তো গোলের খেলা, সেখানে আমরা হেরেছি। কিন্তু একটা ফ্রেশ (নতুন) দল হিসেবে তারা দারুণ ফুটবল খেলেছে এবং এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেবল আমি নই, যারা সম্মানিত অতিথি ছিলেন, দর্শক যারা মাঠে এসেছিলেন, তারা মেয়েদের খেলা উপভোগ করেছেন। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের উন্নতি করতে হবে, যেটা নিশ্চয় কোচ দেখভাল করবেন।’

আগামী রবিবার দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।