ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত এবং রোমাঞ্চিত’

কিংস অ্যারেনাতে আজ থেকে জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। বিকালে শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে প্রথম অনুশীলনের দিনে সবাইকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেলো। সবাই যেন ভারত মিশনে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি হতে প্রস্তুত।

স্প্যানিশ কোচ কাবরেরা যেমন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত এবং রোমাঞ্চিত। খুবই বিশেষ একটি ম্যাচ, এখানে আমি এসে তিন বছর হয়ে গেছে, সম্ভবত এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়ে সত্যিই উজ্জীবিত এবং আমি মনে করি ক্যাম্পের সেরাটা পেতে পর্যাপ্ত সময়ে আমরা সঠিক প্রস্তুতি নিতে যাচ্ছি।’ 

ভারতের বিপক্ষে কিছু অর্জন করতে চায় বাংলাদেশ,  কোচ বলেছেন, ‘ভারতে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য আমাদের একটি বড় সুযোগ আছে। একমাত্র যে (ইনজুরি) ফিরে আসছে, সেও আমাদের প্রোগ্রামের চেয়েও ভালো উন্নতি করছে। আমরা আমাদের নিজস্ব ফিটনেস প্রশিক্ষক নিয়ে এসেছি যিনি খুব পেশাদার এবং খুব হাই-প্রোফাইল একজন। তাই আমি দলের ফিটনেস স্তর সম্পর্কে খুব আত্মবিশ্বাসী।’

ঢাকার অনুশীলন সেশনে সবাইকে পরখ করতে চান কাবরেরা, ‘আমরা এই চার দিনে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বেশিরভাগ বিষয় নিয়ে বৈশ্বিকভাবে কাজ করতে চাই। আমরা প্রাথমিক কোনও বিষয় নিয়ে কাজ করার সপ্তাহ হিসেবে এটিকে দেখতে চাই না। আমরা ইতোমধ্যেই পরিকল্পনায় এগিয়ে যেতে চাই যাতে আমরা সমস্ত ধারণা পরিষ্কার করে সৌদিতে পৌঁছাতে পারি এবং তারপরে সেগুলোর আরও গভীরে যেন যেতে পারি। কিন্তু আমরা এই চার দিনে খেলোয়াড়দের প্রায় সবই দেখাতে চাই।’ 

নবাগত স্ট্রাইকার আল আমিনের প্রশংসা করলেন বাংলাদেশ কোচ, ‘আল আমিন খুব ভালো করেছে। সে এমন চরিত্রের খেলোয়াড়, যেটা স্টাইলের সঙ্গে মানানসই। কিন্তু এই প্রথমবার সে আমাদের সঙ্গে এসেছে, তাকে ধারণাগুলো বুঝতে হবে। এটি কেবল গোল করার বিষয় নয়, আমাদের ফরোয়ার্ডরা রক্ষণভাগে যে কাজ করে সেটাও একেবারে নির্দিষ্ট। তবে তার খুব ভালো মনোভাব আছে এবং সে খুব ইতিবাচক ও উদ্যমী।’ 

অধিনায়ক জামাল ভূঁইয়া সম্পর্কে কোচ নতুন করে বলতে গিয়ে জানালেন, ‘তাকে ফিরে আসতে দেখে ভালো লাগছে। কারণ আমি অনেকবার বলেছি যে জামাল শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নয়, আমার কাছে সে মাঠের বাইরেও খুব গুরুত্বপূর্ণ। সে অন্যদের জন্য, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য খুব ভালো দৃষ্টান্ত। এটা ভালো যে সে ব্রাদার্সের (ইউনিয়ন) সঙ্গে অনুশীলনে ফিরে এসেছে এবং সে ৬০ মিনিট সময় পেয়েছে। সে ফিট এবং তার ফিরে আসা ইতিবাচক। আমি নিশ্চিত যে সে দলে ভালো প্রভাব রাখবে।’

হামজা চৌধুরী ও ফাহামেদুল সম্পর্কে কোচের মন্তব্য, ‘যত তাড়াতাড়ি সম্ভব তারা যোগ দেবে। হামজার ১৬ তারিখে একটি ম্যাচ আছে, তাই সে ওই সপ্তাহে যোগ দেবে, সেটাই যথেষ্ট। আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি সবসময় তাকে সবকিছু সম্পর্কে জানিয়ে রাখছি। ফাহামেদুলের ক্ষেত্রেও একই ব্যাপার। ফাহামেদুলের শেষ খেলা ৮ তারিখে, তাই সে ১০ তারিখে জেদ্দায় যোগ দেবে। তাই এটা ভালো যে সে ৮ দিনের অনুশীলন করতে পারবে এবং আশা করি এক বা দুটি অনুশীলন ম্যাচও খেলতে পারবে।’

নতুন বছরে আগের চেয়ে ভালো ফল করতে চান হাভিয়ের কাবরেরা, ‘আমরা জানতাম গত বছর কঠিন হতে যাচ্ছিল। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড সত্যিই কঠিন ছিল। কিন্তু আমি তাদের পারফরম্যান্স সম্পর্কে সত্যিই ইতিবাচক, যদিও আমরা বুঝতে পারছি যে আমাদের সম্ভবত আরও ভালো ফলাফল অর্জন করা উচিত ছিল। বিশেষ করে ভুটানে আমরা যে ম্যাচটি হেরেছিলাম এবং এখানে মালদ্বীপের বিপক্ষে প্রথমটি। কিন্তু পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে যে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো ছিলাম। তাই এখনই সেই মুহূর্ত যখন আমাদের আরেক ধাপ এগিয়ে যাওয়ার দরকার। আমরা একটি ভালো দল পেতে যাচ্ছি কারণ আমরা শীর্ষ মানের একজন খেলোয়াড়কে আনছি। তাই আমাদের দায়িত্ব নিতে হবে এবং গত বছরের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে।’