এমন রাত মনে রাখতে চাইবেন না নেইমার ও তার ক্লাব সান্তোস। নেইমারের লাল কার্ডের পর বোতাফোগোর কাছে ১-০ গোলে হার দেখেছে তারা। তাতে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি আ’র শীর্ষে ওঠার পথে বড় ধাক্কা খেয়েছে সান্তোস।
ব্রাজিলিয়ান তারকা লাল কার্ড দেখেন ম্যাচের ৭৬ মিনিটে। তার অপরাধ মরিয়া হয়ে হাত দিয়ে জালে বল পাঠিয়েছিলেন তিনি! রেফারি দাভি দে ওলিভেইরা সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের পর তাকে লাল কার্ড দেখিয়েছেন। প্রথমার্ধেই অবশ্য ফাউল করার অপরাধে একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার।
সান্তোস দশ জনের দলে পরিণত হলে সেই সুযোগ নিয়েই ১০ মিনিট পরে জয়সূচক গোল পেয়ে যায় বোতাফোগো। তিন পয়েন্ট নিশ্চিত করেন আর্থুর ভিক্টর গুইমারেজ।
এর ফলে সর্বশেষ ৫ ম্যাচে চতুর্থ পরাজয়ের দেখা পেয়েছে সান্তোস। তাতে হেড কোচ ক্লেবের জাভিয়েরের ওপর চাপ বাড়ছে ক্রমাগত।
ম্যাচের পর নেইমার নিজের ভুল স্বীকার করে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চেয়েছেন। সেখানে বলেছেন, ‘গোল করার জন্য মরিয়া হয়ে উঠলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আমি আমার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। যদি লাল কার্ড না দেখতাম, নিশ্চিত আমরা ৩ পয়েন্ট পেতাম। আজকের খেলার জন্য দলকে অভিনন্দন। এই ৩ পয়েন্ট আমার পেছনে লিখে দিতে পারো।’