প্রধান কোচ হিসেবে ইতালি তাদের সাবেক মিডফিল্ডার জেনারো গাত্তুসোকে নিয়োগ দিলো। বরখাস্ত হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন এমন আভাস দিলেও আজ রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা আসে।
ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা এই নিয়োগ নিয়ে বিবৃতি দেন, ‘গাত্তুসো ইতালীয় ফুটবলের প্রতীক, জার্সিটি তার দ্বিতীয় ত্বকের মতো। জাতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জগুলো গ্রহণের ক্ষেত্রে তার প্রেরণা, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা মৌলিক হবে। তিনি আমাদের লক্ষ্যগুলোর গুরুত্ব জানেন এবং এই চ্যালেঞ্জগুলো গ্রহণে তার প্রস্তুতি ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ফুটবলের উন্নয়নের জন্য ফেডারেশনের প্রকল্পটি ভাগাভাগি করেছেন, যেখানে আজ্জুরিদের জার্সি কেন্দ্রীয় অংশ।’
ইতালির হয়ে ৭৩টি ম্যাচ খেলা গাত্তুসো ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির সদস্য ছিলেন। সম্প্রতি ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুক স্পিলিটের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়েন।
অবশ্য কোচ হিসেবে এতদিন ক্লদিও রানিয়েরির নাম শোনা যাচ্ছিল। ফেডারেশনের প্রথম পছন্দও ছিলেন তিনি। কিন্তু ৭৩ বছর বয়সী এএস রোমায় শীর্ষ উপদেষ্টার পদে আরও মনোযোগী হতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে চাকরি হারিয়েছেন স্পালেত্তি। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে মলদোভার বিপক্ষে ডাগআউট সামলেছেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ইতালি। এর আগে নরওয়ের কাছে ৩-০ তে বিধ্বস্ত হওয়ার পরই নিজের বরখাস্তের খবর নিশ্চিত করেন তিনি।