ম্যাচ আর একটু হলেই ড্র হতে যাচ্ছিল। চরম নাটকীয় মুহূর্তে বাংলাদেশকে তিন পয়েন্ট এনে দেন বদলি খেলোয়াড় তৃষ্ণা রানী। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তার গোলেই সমর্থকরা হাসিমুখে মাঠ ছেড়েছেন।
শেষ মুহূর্তে উমহেলা মারমা আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় গোল পান তৃষ্ণা। নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখার সম্ভাবনা জোরালো হলো বাংলাদেশের। নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে পিটার জেমস বাটলারের দল।
জয়ের নায়ক তৃষ্ণা ম্যাচ শেষে বলেছেন, ‘আসলে সবাই খুশি। তবে আমি বেশি খুশি একারণে যে শেষ মুহূর্তে গোল করে দলকে জেতাতে পেরেছি। যেহেতু আমরা প্রথমার্ধে দুইটা গোল করেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে আবার দুইটা খেয়েছি। আমাদের একজন স্ট্রাইকার (সাগরিকা) লাল কার্ড পেয়েছে, ওই হিসাবে আমরা মানসিকভাবে একটু চাপে ছিলাম যে আমাদের গোলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
২-২-এ সমতায় আসার পর স্বাগতিকরা চাপে পড়ে যায়। তৃষ্ণা তাই বলেছেন, ‘দুইটা গোল খাওয়ার পর আমরা একটু মানসিক চাপে ছিলাম। তবে আমি শেষ মুহূর্তে যখন গোলটা করি, অনেক ভালো লেগেছে, দলের জন্য কিছু করতে পেরেছি, তাই অনেক ভালো লাগছে।’
এরপরই যোগ করেন, ‘প্রথমে তো দুই-তিনটা সুযোগ মিস করেছি। আমার লক্ষ্য ছিল গোল করা। যেহেতু আমরা দুইটা গোল খেয়ে ফেলেছিলাম, আমাদের একটা গোল করা খুব দরকার ছিল। শেষ সময়ে গোলটা হয়েছে, তাই আমি খুব খুশি।’