আবারও মেসির জোড়া গোল, ঘুরে দাঁড়ালো মায়ামি 

টানা ৫ ম্যাচে জোড়া গোলের দেখা পেলেও সর্বশেষ ম্যাচে ছন্দপতন ঘটেছিল লিওনেল মেসির। হার দেখে ইন্টার মায়ামিও। এক ম্যাচ বিরতি দিয়ে আবারও দেখা গেলো মেসি ঝলক। মেজর লিগ সকারে তার জোড়া গোলে নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারিয়েছে মায়ামি। 

মেসির আগুনে ফর্ম টের পাওয়া গেছে এদিন। শুরুতে যদিও রেড বুলস অঘটনের শঙ্কা জাগিয়েছিল। ১৪ মিনিটে মায়ামির জাল কাঁপিয়ে দেয় তারা। গোল করেন অ্যালেক্সান্ডার হ্যাক। শুরুর ধাক্কার পর মায়ামি ঘুরে দাঁড়ায় মেসির কল্যাণে। ২৪ মিনিটে তার পাস থেকেই দলকে সমতায় ফেরান জর্ডি আলবা। ২৭ মিনিটে মেসি, আলবার মিলিত প্রচেষ্টায় তৈরি হয় দ্বিতীয় গোলের মঞ্চ। আলবার ক্রস পেয়ে স্কোর ২-১ করেন টেলাসকো সেগোভিয়া। প্রথমার্ধের স্টপেজ টাইমে সেগোভিয়া দ্বিতীয় গোলেরও দেখা পেয়েছেন। তাতে শুরুর অর্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় মায়ামি। 

মেসি স্কোরশিটে নাম তুলেছেন দ্বিতীয়ার্ধে। সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেৎজের থ্রু বল থেকে ৬০ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। বার্সেলোনার আরেক সাবেক সতীর্থের সমন্বিত চেষ্টায় মেসির দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি। বাম প্রান্ত থেকে লুইস সুয়ারেজের ক্রস পেয়ে দারুণ নিয়ন্ত্রণে জালে বল পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।