চুক্তিগত ইস্যুতে জাপানে ম্যাচটি হওয়ার কথা ছিল না। সমস্যার সমাধান হওয়ায় শেষ পর্যন্ত প্রাক মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামলো বার্সেলোনা। রবিবার ভিসেল কোবের মুখোমুখি হয়ে ৩-১ গোলের সহজ জয় পেলো স্পেনের চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসির পর নতুন করে ১০ নম্বর জার্সি এদিন পরেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। গোল করতে না পারলেও ঝলক দেখান গোলমুখের সামনে। চার মিনিটে তার ব্যাক হিলে জাভি গার্সিয়া শট নিলে কোবে কিপারের কাছে পরাস্ত হন।
পরের মিনিটে স্বাগতিকরা বার্সার রক্ষণে কাঁপন ধরায়। মিয়াশিরো ডান দিক থেকে বল নিয়ে ঢুকেছিলেন। কিন্তু বার্সা কিপার হোয়ান গার্সিয়া চমৎকার সেভে জাপানি ক্লাবকে লিড নিতে দেননি।
১২ মিনিটে ইয়ামালের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ডান দিক দিয়ে তার ক্রসে রাফিনহার হেড রুখে দেন কোবে কিপার মায়েকাওয়া।
৩৩ মিনিটে কর্নার থেকে বার্সা এগিয়ে যায়। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে জাল খুঁজে পান এরিক গার্সিয়া। বিরতির দুই মিনিট আগে বার্সার লিড বিফলে যায়। মাঝমাঠে কুবারসি বলের দখল হারালে সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নেন সাসাকি। গার্সিয়া সেভ করলেও ফিরতি শটে সমতা ফেরান মিয়াশিরো।
হাফটাইমে ইংল্যান্ড তারকা মার্কাস র্যাশফোর্ডের অভিষেক হয় বার্সার জার্সিতে। শুরুতে বাঁ দিক দিয়ে কয়েকবার বল নিয়ে নিজের দক্ষতা দেখান তিনি। সাবেক ম্যানইউ ফরোয়ার্ড কাতালানদের জার্সিতে প্রথম ম্যাচে গোল না পেলেও অভিষেকে জাল কাঁপান দুই টিনএজার।
বার্সা এগিয়ে যায় ৭৭ মিনিটে। লেভানডোভস্কি পায়ে বল রেখে খুঁজে পান রুনি বারদজিকে। তার সাইডফুটে নেওয়া শটে স্কোর ২-১ করে লা লিগা চ্যাম্পিয়নরা। পরের মিনিটে র্যাশফোর্ডকে তুলে নেয় অতিথি দল।
৮৭ মিনিটে বার্সা তৃতীয় গোল করে। জুলেস কোন্দের লম্বা ক্রসে বল পান দানি ওলমো। তিনি বলের দখল হারালেও পেদ্রো সারমিয়েন্তো বক্সের প্রান্ত থেকে জাল কাঁপান।
জাপানে জিতে এবার দক্ষিণ কোরিয়ায় যাবে বার্সা। বৃহস্পতিবার এফসি সিউল ও সোমবার দায়েগুর মুখোমুখি হবে তারা।