‘বাফুফে সবকিছু ক্লোজডোর করে না’

ফুটসালে প্রথমবারের মতো বিদেশি কোচ এসেছে। ইরানি কোচ সাঈদ খোদারাহমির অধীনে মালয়েশিয়াতে এএফসির টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আজ রবিবার সংবাদ সম্মেলনে ইরানি কোচকে পরিচয় করিয়ে দিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফুটবলের পাশাপাশি ফুটসালকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন।

তাবিথের কমিটি এসেছে ৯ মাস হয়েছে। এই সময়ে ফুটসালের নবযাত্রাকে নতুন দিন বলে আখ্যায়িত করে তিনি বলেছেন, আজকে নতুন দিন। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি কোনও পিচ যেন খালি না থাকে। প্রথম টুর্নামেন্ট হলো এশিয়ান কাপের বাছাই। ইরান গ্রুপে আছে। অনেকবার তারা চ্যাম্পিয়ন। তবে যত বড় দল হোক না কেন আমরা খেলবো। আন্ডারডগ হয়ে যাবে। আমরা লড়বো। আমরা আশাবাদী। এছাড়া সামনে ফুটসাল লিগ করবো। সরকার ও ফিফার সঙ্গে কাজ করবো।’

ফুটসালে ইরানি কোচ আনা প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘যেখানে সুযোগ আছে, সেখানে সহযোগিতা চাই। তাহলে কাজ করতে সুবিধা হবে। ইরানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই ওখান থেকে কোচ এনেছি। আমরা লড়বো। আমরা বাংলাদেশকে আরেকটা কারণে পরিচিত করতে চাইছি।’

ফুটসালের চূড়ান্ত খেলোয়াড় বাছাই হবে ক্লোজডোরে। ইরানি কোচ নিজেই খেলোয়াড় বাছাই করবেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ক্লোজডোর কেন। পাশ থেকে একজন বললেন, ‘এটা বাফুফের একটা সিস্টেম হয়ে গেছে... যে কোনও কিছু হলেই ক্লোজডোর..।’

সাংবাদিকের এমন কথায় ব্যথিত হয়ে তাবিথ উত্তর দেন, ‘আমি একটু মন্তব্য করতে চাই। তীর্যক বা অপ্রীতিকর মন্তব্য যখন করেন, তখন দুঃখবোধ করি। বাফুফে সবকিছু ক্লোজডোর করে না। বাফুফে তথ্য নিয়ে সবচেয়ে বেশি খোলামেলা। উন্মুক্ত আছে। সংবাদ সম্মেলনসহ সবকিছুই। কিছু কিছু জায়গায় সেটা করা হয়। তা কৌশলগত কারণে, খেলার স্বার্থে। এটা খেলার অংশ। নিয়মকানুনের অংশ। তা আমাদের অধিকারও।’

এরপর তিনি যোগ করেন, ‘এখন খোলা পরিবেশে যখন আপনারা সুবিধাজনক জায়গা থেকে বসে বসে অপ্রীতিকর মন্তব্য করেন, তখন আমাদের খুবই কষ্ট লাগে। আমরা মনে করতে পারি সভাপতিকে গালি দিয়ে একটা অপমান করে.. টিটকারি করে.. নিজেরা বড় হতে পারেন। তবে আমি মনে করি কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমরা সবাই এক পরিবারের লোকজন। আমরা সবাই ফুটবল পরিবারের লোকজন।’

এরপর সবার প্রতি অনুরোধ রেখে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি ভবিষ্যতের জন্য সবাইকে অনুরোধ করছি আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোয়। বিষয়বস্তু নিয়ে কথা বলি। ব্যক্তিকরণ যা করি তা থেকে দূরে থাকা উচিত। আমি আবারও বলছি ফুটবল ফেডারেশন সব সময় চেষ্টা করছে তথ্য উন্মুক্ত রাখার জন্য। সব সময় সঠিক তথ্য দেওয়ার জন্য। সেই জায়গায় যদি কোনও সমস্যা থাকে তা সমাধানের চেষ্টা করা হবে।’