তৃষ্ণার গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আগে গোল করে চমকে দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে কোরিয়া সমতা ফিরিয়ে ১-১ স্কোরলাইন রেখে প্রথমার্ধ শেষ করেছে। ম্যাচটা ড্র করতে পারলে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারীদের এশিয়ান কাপের টিকিট কাটবে বাংলাদেশ। 

ভিয়েনতিয়েনের জাতীয় স্টেডিয়ামে রবিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করছে বাংলাদেশ। কোরিয়া সবদিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে তেমন সুবিধা করতে পারছে না। বরং বাংলাদেশ প্রথম গোল করে তাদেরকে চমকে দেয়। দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ কড়া নেড়েছিল দুয়ারে। সতীর্থের লং পাস ধরে গোলকিপারকে একা পেয়েও গিয়েছিলেন সাগরিকা। কিন্তু বলের স্পর্শ জোরে হওয়ায় ঠিকঠাক শট নিতে পারেননি। ওই সময়ই সাগরিকা চিপ করতে পারলে গোল হতে পারতো।

১৪ মিনিটে তৃষ্ণা রানী বক্সের ঠিক ওপরে বল পেয়েছিলেন, কিন্তু দুই ডিফেন্ডারের বাধা পার হতে ব্যর্থ হন তিমুর লেস্তের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড। পরের মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। কারিগর সাগরিকা। তার পাস বাঁ প্রান্তে পেয়ে শান্তি মার্ডি বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে আড়াআড়ি পাস বাড়ান। বল গোলকিপারের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর আলতো টোকায় জালে জড়িয়ে দেন তৃষ্ণা।

১৯ মিনিটেই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। বাম দিক থেকে আসা আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে কিছুটা এগিয়েছিলেন স্বর্ণা রানী মন্ডল। সতীর্থের পাস ধরে ফাঁকায় থাকা লি হেউন সহজেই খুঁজে নেন জাল।

একটু পর কোরিয়ানদের শট আটকে বাংলাদেশের ত্রাতা হন স্বর্ণা। ২৪ মিনিটে শান্তিকে তুলে নেন পিটার বাটলার। ৪৪ মিনিটে শিখা সিনহার বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট গোলকিপারের হাতে জমা পড়ে। তাতে ৪৫ মিনিট শেষে ১-১ স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে দুইদল।