সাফ চ্যাম্পিয়ন জিতে আসার পর সরকারের পক্ষ থেকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ১২ শতক জমি পেয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। কিন্তু তিন বছর পার হলেও আজও সে জমি লিখিতভাবে বুঝে পাননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই তারকা স্ট্রাইকার। এরই মধ্যে বিসিবি বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঋতুপর্ণা এ নিয়ে কী বলছেন?
আজ এক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা বলেছেন, ‘ঘাগড়াতে আমাকে যে জমি দিয়েছিল সরকার, আমি সেখানে বাউন্ডারি করেছি। বাড়ির প্ল্যান তৈরি করেছি নিজের টাকা খরচ করে। কিন্তু তিন বছর হয়ে গেলো, এখনও সেই জমি আমাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। আমাকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
এরপর তার অনুরোধ, ‘এখন শুনছি আমাকে নতুন জায়গা দিবে। জানি না কোথায় বাড়িটি হবে। তবে আমি চাই, সরকার আমাকে যেখানে জমি দিতে চেয়েছিল, সেখানেই আমার বাড়িটি হোক। কেননা, ওই জায়গা অনুযায়ী আমি টাকা খরচ করে বাড়ির প্ল্যানসহ সবকিছু করেছি। সেখানে বাড়িটি হলে আমার জন্য ভালো হয়।’