মেসি না থাকলে যে ভুগতে হয় সেটা আবারও টের পেয়েছে ইন্টার মায়ামি। পায়ের ইনজুরিতে সাইড লাইনে ছিলেন দলটির প্রাণভোমরা। এই সুযোগে মেজর লিগ সকারে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো সিটি।
অরল্যান্ডোকে দ্বিতীয় মিনিটে এগিয়ে দিয়েছিলেন মুরিয়েল। সেই অগ্রগামিতা টিকে ছিল ৩ মিনিট। মায়ামিকে সমতায় ফেরান ইয়ানিক ব্রাইট। ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে যা ছিল তার প্রথম গোল। তার পর দ্বিতীয়ার্ধে গিয়ে আবার ম্যাচের দৃশ্যপট বদলায় অরল্যান্ডো। দলকে আবারও এগিয়ে দেন মুরিয়েল। এবার তাকে অ্যাসিস্ট করেন ওজেডা। ৫৮ মিনিটে ওজেডা নিজেই জাল কাঁপিয়ে মৌসুমের ১৪তম গোল তুলে নেন। ৮৮ মিনিটে অরল্যান্ডোর চতুর্থ গোলটি করেন মার্কো প্যাসালিচ।
অবশ্য অরল্যান্ডোর জয়ে অবদান আছে গোলকিপার পেদ্রো গ্যালেসেরও। চারটি সেভ করে ইন্টার মায়ামিকে হতাশ করেছেন তিনি। যার মধ্যে ছিল লুইস সুয়ারেজের লং রেঞ্জের একটি দুর্দান্ত সেভ। বিপরীতে মায়ামি গোলকিপার ওস্কার ওস্টারি সেভ করেছেন ৮টি শট।
মায়ামি ম্যাচে ফেরার বহু চেষ্টা করেছিল। কিন্তু মেসি না থাকায় জবাবটা ঠিকমতো দিতে পারেনি তারা। মায়ামি ২৩টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মেসি যে ১৮ টিতে খেলেছেন, গোল পেয়েছেন সবগুলোতে।
এই পরাজয়ে ইস্টার্ন কনফারেন্সে মায়ামি ৫ নম্বর থেকে ৬ নম্বরে নেমেছে। যদিও হাতে আছে ১১ ম্যাচ। জয় পেয়ে অরল্যান্ডো আবার মায়ামিকে পেছনে ফেলে চারে উঠেছে।