সংবাদ সম্মেলনে আবার আলোচনায় পাঙাশ, বাংলাদেশ অধিনায়ক যা বললেন

কয়েক দিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছিলেন, ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের কখনোই পাঙাশ মাছ খাওয়ানো হয় না। তার সুরে কথা বলেছেন সাফ অনূর্ধ্ব-১৭ নারী অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বয়সভিত্তিক এই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে কাল শুক্রবার ভুটানে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলনেও আলোচনায় ছিল পাঙাশ মাছ।  

ঢাকা ব্যাংক এত টাকা দিলে মেয়েরা কেন ক্যাম্পে পাঙাশ মাছ খায়? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে একটু রেগেই উত্তর দেন মাহফুজা আক্তার, ‘অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন ওরা পাঙাশ মাছ খায় নাকি।’

এরপরই এক লাইনে অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক বললেন, ‘না, কখনও পাঙাশ মাছ দেওয়া হয় না।’ 

সাফ মিশনের আগে বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে। 

নতুন আটজন হলেন- রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা, আমেনা খাতুন। এই দলে আছেন সিনিয়র দলে অভিষেক হওয়া ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তবে দলটির অধিনায়ক করা হয়েছে অর্পিতাকে। 

নারী দলের কোচ পিটার বাটলার গত ১১ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে ছুটিতে গেছেন। আগস্টের বাকি সময় তিনি ছুটিতে থাকবেন। অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে কোচ হিসেবে ভুটান যাবেন মাহবুবুর রহমান লিটু।

ভারত এবার  খেলবে। এই ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা আছে কিনা প্রসঙ্গে কোচ লিটু বলেন, ‘আমরা তাদের নিয়ে নীলনকশা করেছি এবং তাদের হারানোর লক্ষ্য থাকবে আমাদের। আমরা একটি করে ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছি এবং আশা করি আমরা সফল হবো।’ 

টুর্নামেন্ট নিয়ে খুব বেশি চাপ নিচ্ছেন না অধিনায়ক অর্পিতা। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচকে আলাদা আলাদা মঞ্চ হিসেবে দেখছি এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো এবং আমরা এ টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী।’ 

‎বাংলাদেশসহ ভারত, ভুটান ও নেপাল খেলবে। ২০-৩১ আগস্ট সব ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি। 

২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। একদিন বিরতি দিয়ে ২২ আগস্ট দলটির প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট পর পর দুই ম্যাচে নেপালকে পাবে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। 

‎২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।