বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার 

পুরুষদের ফুটবলে সর্বাধিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও। মঙ্গলবার ৪৪ বছর বয়সী তার ক্যারিয়ারের ১ হাজার ৩৯১তম ম্যাচ খেলার জন্য মাঠে নামেন। 

গত শনিবারই তিনি ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার রিও ডি জেনেইরোর মারাকানায় কলম্বিয়ার আমেরিকা দে কালিকে ২-০ গোলে হারানোর ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন।

ফ্লুমিনেন্স এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম জানাচ্ছে, এখন ফাবিও ফুটবল ইতিহাসে একাই এই মাইলফলকের মালিক। তবে ফিফা বা দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এখনও সেটাকে আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে ঘোষণা করেনি।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে গোল না খেয়ে বেরোনোর পর নিজের কীর্তি নিয়ে ফাবিও বলেছেন, ‘অনেক সময় আমরা এমন একটি বড় অর্জনের গুরুত্ব বুঝতে পারি না, যা এত বছর ধরে টিকে ছিল।’

ফাবিও নিজের পুরো ক্যারিয়ারটা ব্রাজিলেই কাটিয়েছেন। ম্যাচ শেষে তাকে একটি সম্মাননা স্মারকও উপহার দেওয়া হয়।

ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘তার মতো পেশাদারিত্ব ছাড়া কেউ এত ম্যাচ খেলতে পারে না। নিঃসন্দেহে তিনি আরও দীর্ঘ সময় ধরে খেলবেন। তার রেকর্ড ভাঙা অন্য কোনো খেলোয়াড়ের জন্য খুবই কঠিন হবে।’

ফাবিও ২০২৩ সালে ফ্লুমিনেন্সের সঙ্গে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন এবং এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো দলের সদস্যও ছিলেন। তিনি ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রুজেইরোর হয়ে ৯৭৬ ম্যাচ খেলেছেন। তার আগে উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০টি এবং ভাস্কো দা গামার হয়ে আরও ১৫০টি ম্যাচ খেলেছেন।

আমেরিকা দে কালির বিপক্ষে এই ম্যাচটি ছিল ফ্লুমিনেন্সের হয়ে তার ২৩৫তম ম্যাচ। ফাবিও ১৯৯৭ সালে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ঠিক ওই বছর অবসর নেন শিলটন। শিলটন তার ম্যাচসংখ্যা ১ হাজার ৩৮৭ বলে দাবি করেন, কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সেটিকে ১ হাজার ৩৯০ হিসেবে স্বীকৃতি দিয়েছে।