২০২৬ বিশ্বকাপের ড্র কবে, কোথায় জানালেন ট্রাম্প

ফিফা বিশ্বকাপে কোন গ্রুপে কে খেলবে, তা জানা যায় জমকালো ড্র অনুষ্ঠানে। শুক্রবার অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়ে দিলেন, কবে কোথায় হবে ২০২৬ বিশ্বকাপের ড্র।

ওভাল অফিসে এক ইভেন্ট চলাকালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে রেখেই এই অনুষ্ঠানের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেন ট্রাম্প।

আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে আগামী বিশ্বকাপের ড্র। এবারই প্রথম তিন দেশ মিলে আয়োজন করছে বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের টুর্নামেন্ট। চারটি করে দল নিয়ে ১২ গ্রুপ হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা ৮ তৃতীয় দল যাবে নক আউটে।

এরই মধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যু।

তিন আয়োজক দেশের সঙ্গে ১০টি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর তাদের জায়গা নিশ্চিত করেছে।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে।