লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলার আগে আর্জেন্টাইন তারকা অনুশীলন করলেও তার খেলা নির্ভর করছে ম্যাচ ডের আগে শতভাগ ফিটনেসের ওপর।
ইন্টার মায়ামি সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেছেন, শুধু মেসি নন, জর্ডি আলবাকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণে থাকবেন তারা। মোরালেস বলেছেন, ‘জর্ডি ও লিও অনুশীলন করেছে আমাদের সঙ্গে। পুরো অনুশীলনেই তারা ছিল। এখন আমরা দেখবো দিনভর তাদের উন্নতিটা কেমন হয়। তার পরেই কাল একটা সিদ্ধান্ত নেবো।’
মেসিকে নিয়ে ইতিবাচক কথাই বলেছেন মোরালেস, ‘তার অনুশীলন নিয়ে আমরা খুবই ইতিবাচক। সে অন্তত দলে থাকবে এটা কল্পনা করতেই পারি।’
মেসির হাত ধরেই ২০২৩ সালে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। কিন্তু এবার ডান পায়ে পেশির চোটে ভুগছেন তিনি। লিগস কাপে কোয়ার্টার ফাইনালে ছিলেন না। খেলা হয়নি মেজর লিগ সকারে শনিবারের ম্যাচেও। আলবার অবশ্য হাঁটুর সমস্যা।
মেসি সর্বশেষ দলের হয়ে খেলেছেন গত ১৬ আগস্ট। তাও আবার সেটা বদলি হয়ে।