ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। আজ সেই ভুটানের সঙ্গে রাউন্ড রবিন লিগে দ্বিতীয়বারের দেখায় ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে তাদের শিরোপা অনিশ্চিত হয়ে পড়েছে।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে। তবে সেই ম্যাচ জেতার আগে আজ চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ভারতকে নেপালের কাছে হারতে হবে। তাহলে বাংলাদেশের সামনে ট্রফি জয়ের সুযোগ থাকবে। অন্যথায় রানার্সআপ হওয়া ছাড়া বিকল্প নেই।
ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল পেয়ে যায়।
ষষ্ঠ মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করে বসে ভুটান। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াঙ্গমোর নেওয়া শটে বল গিয়ে পড়ে পূর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন তিনি। একটু পর সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াঙ্গমো।
১৬ মিনিটে পূর্ণিমার আড়াআড়ি ক্রসে প্রীতির প্লেসিং শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি শট কাঁপায় বাইরের জাল।
২৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। ডানদিক থেকে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা পূর্ণিমা পা বাড়ালেও পাননি বলের নাগাল।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান। সতীর্থের লং পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন চোরতেন জাংমো।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মামনি চাকমা। কিন্তু দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান গোলকিপার।
এরপর চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি বাংলাদেশ। ভুটান ৫ ম্যাচে প্রথম পয়েন্ট অর্জন করলো।