সেই বেনফিকাকেই পেলো রিয়াল মাদ্রিদ

হারের ক্ষত এখনও শুকায়নি। বেনফিকার কাছে হেরে সেরা আটের স্বপ্ন ভেঙে যায় রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে এবার সেই বেনফিকাকেই প্রতিপক্ষ হিসেবে পেলো স্প্যানিশ জায়ান্টরা।

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (৩০ জানুয়ারি) প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। শিরোপাধারী পিএসজির প্রতিপক্ষ ফরাসি শীর্ষ লিগেরই আরেক ক্লাব মোনাকো।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় গত বুধবার শেষ হয় এবারের আসরের প্রাথমিক পর্ব। শেষ দিনে একই সময়ে মাঠে গড়ায় ১৮টি ম্যাচ। এর মধ্যে হেডে গোল করেন বেনফিকার গোলকিপার আনাতোলি ত্রুবিন। ওই গোলেই ২৪তম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

অথচ টুর্নামেন্ট থেকে তারা ছিটকে পড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। সেখান থেকে নাটকীয়ভাবে টিকে গিয়ে এবার রিয়ালের বিপক্ষে নতুন স্বপ্ন বাস্তবায়নে নামবে মরিনহোর দল।

শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ড্র করে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ হারায় পিএসজিও। গত আসরের রানার্সআপ ইন্টার মিলান খেলবে চ্যাম্পিয়ন্স লিগের নবাগত ও আলোচিত ক্লাব বুদে/গ্লিম্টের বিপক্ষে।

টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ও সিরি আর রেকর্ড শিরোপাজয়ী জুভেন্টাস প্লে-অফে মুখোমুখি হবে গালাতাসারায়ের।

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের ম্যাচ। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।

প্লে-অফে মুখোমুখি যারা

বেনফিকা–রিয়াল মাদ্রিদ

মোনাকো–পিএসজি

কারাবাখ–নিউক্যাসল ইউনাইটেড

বুদে/গ্লিম্ট–ইন্টার মিলান

গালাতাসারায়–জুভেন্টাস

বরুশিয়া ডর্টমুন্ড–আটালান্তা

ক্লাব ব্রুজ–আতলেটিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস–বায়ার লেভারকুজেন