লা লিগায় এলচের মাঠে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৩-১ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান গড়েছে কাতালান দল।
বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায়। দানি ওলমোর থ্রু পাসে লামিনে ইয়ামাল এলচে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান।
১৯৭৪ সালের ডিসেম্বরের পর বার্সেলোনাকে হারাতে না পারা এলচে ২৯ মিনিটে সমতা ফেরায়। গোল করেন আলভারো রদ্রিগেজ।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১১ মিনিট পর আবার এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান তোরেস। বিরতির পর বদলি হিসেবে নামা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র্যাশফোর্ড এনে দেন তৃতীয় গোল।
পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বার্সেলোনা। অসংখ্য সুযোগও তৈরি করে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার শেষ ১৬ ম্যাচে ১৫তম জয়।
এই জয়ে চাপ বাড়লো দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা লস ব্লাঙ্কোসরা পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে। এটা জিতলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে এক পয়েন্টে।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল। একই দিনে দুই গোল পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। পিছিয়ে পড়ে জয় তুলে নিয়েছে লিভারপুলও। নিউক্যাসলকে ৪-১ গোলে হারিয়েছে। হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভির্টজের নৈপুণ্যে চলতি বছরে লিগে প্রথম জয় পেয়েছে অলরেডরা।
জয়ের পর লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ব্যবধান ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে বেড়ে দাঁড়িয়েছে সাতে।