সিডনির জুবিলি স্টেডিয়ামে আফঈদাদের নিয়ে বাটলারের বাড়তি মনোযোগ 

সিডনিতে এসে আফঈদারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। এখন চলছে শেষ মুহূর্তের ভুল-ত্রুটি সংশোধন। বিশেষ করে সিডনিতে একমাত্র প্রীতি ম্যাচের পর ঋতুপর্ণাদের নিয়ে কোচ পিটার বাটলার জুবিলি স্টেডিয়ামে শনিবারের অনুশীলনে বাড়তি গুরুত্ব দিয়েছেন। 

এমনিতে মাঠের লড়াই শুরুর অবশ্য খুব দেরি নেই। মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে কমব্যাংক স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে শনিবার সকালে অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের অন্যতম ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতির কণ্ঠে দেখা গেলো কঠোর লড়াইয়ের সংকল্প, ‘যদি আমি খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয় সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তো ওইটা শোধরানোর চেষ্টা করছি আমরা।’

সিডনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচের পরের অনুশীলনে কোচ আরও সরব। আকন্দ বলছিলেন,‘আলহামদুলিল্লাহ ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরে দেওয়ার চেষ্টা করছেন।’

সেই ম্যাচ নিয়ে কিছুটা তৃপ্ত প্রীতি, ‘ঐ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।’

ফিজিও ইস্যুতে শুরুতে সমস্যা ছিল বাংলাদেশ শিবিরে। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও এপেনডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি।

তবে আশার কথা অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে নিয়োগ দিয়ে সমস্যা সমাধান করেছে বাংলাদেশ। নতুন ফিজিওর সাথে কাজ করতে সমস্যা হচ্ছে না বলে জানালেন প্রীতি, ‘মানিয়ে নিতে কোনও কষ্ট হচ্ছে না। আমাদের ফিজিও তো ছিল, তো উনি (জাকিয়া রহমান) অসুস্থ হয়ে গেছেন একটু, ওনার সার্জারি হয়েছে, সে জন্য আসতে পারে নাই। তো এখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানিয়ে নিতে পারছি।’