৪১ বছর বয়সে আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্রিস্তিয়ানো রোনালদোর। সে অনুযায়ী নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে আপাতত সমস্যা তার চোট নিয়ে। সৌদি লিগে গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে শুরুতে তেমন চিন্তা ছিল না। তবে আল নাসর কোচ জর্জে জেসুস জানালেন গুরুতর চোটেই পড়েছেন পর্তুগালের বড় তারকা।
বর্তমানে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া রোনালদো চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদে যাবেন। সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আল নাসর কোচ জর্জে জেসুস। তবে কবে মাঠে ফিরতে পারেন তা জানা যায়নি।
সৌদি প্রো লিগে আগামীকাল ঘরের মাঠে নিওমের বিপক্ষে ম্যাচের আগে আল নাসরের কোচ বলেছেন, গত ম্যাচে ক্রিস্তিয়ানো মাংসপেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর দেখা গেছে, চোটটি আমরা যা ভেবেছিলাম তার চেয়ে গুরুতর। তার যথাযথ বিশ্রাম এবং পুনর্বাসন প্রয়োজন। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমন অন্যান্য চোটে পড়া খেলোয়াড়রাও যাচ্ছেন।
স্পেনে রোনালদোর নিজের ব্যক্তিগত ফিজিওর কাছে চিকিৎসা নেবেন বলে জানান জর্জে জেসুস।
বিশ্বকাপের মাস তিনেক আগে চোট খানিকটা দুশ্চিন্তার কারণ হতে পারে রোনালদোর জন্য। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর আশা, এই মাসের পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন।
৪১ বছর বয়সেও রোনালদো সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই মৌসুমে লিগে পর্তুগাল অধিনায়ক করেছেন ২১টি গোল। ইংলিশ ফরওয়ার্ড ইভান টনি আল আহলির হয়ে ২৩টি গোল নিয়ে শীর্ষে আছেন।
বিশ্বকাপে আগামী ২৮ মার্চ রিনোভেটেড অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল।