কিছু দিন আগে প্রথমবারের মতো নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা উৎসব করেছে। এছাড়া ছেলেদের দলটিও সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স দেখিয়েছে। এবার তাদের জন্য এলো আরও বড় সুখবর। শুধু সাবিনা খাতুন বা রাহবার খান নন, দেশের সব ফুটসাল খেলোয়াড়দের জন্য লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২ থেকে ২২ মে পর্যন্ত মিরপুর ইনডোর স্টেডিয়ামে নারী ও পুরুষ—দুই বিভাগের খেলোয়াড়দের নিয়ে এই লিগ অনুষ্ঠিত হবে। এর আগে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিবন্ধন। পাশাপাশি ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রাথমিকভাবে অন্তত আটটি দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ফুটসাল লিগ শুরু করতে যাচ্ছি। আমাদের ফুটসালে ভালো ভবিষ্যৎ রয়েছে। মেয়েরা সাফে শিরোপা জিতেছে, ছেলেরাও খারাপ করেনি। এখন লিগ হলে ফুটসাল নিয়ে সবার আগ্রহ আরও বাড়বে।’
ফুটসালে বাংলাদেশের পথচলা এখনও শুরুর পর্যায়ে। লিগ চালু হলে আরও বেশি খেলোয়াড়ের প্রয়োজন হবে। এ বিষয়ে দিকনির্দেশনা দিয়ে ইমরানুর রহমান বলেছেন, ‘দেখুন, যারা ফুটবল খেলছে কিংবা অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও ফুটসাল খেলতে পারবে—যদি তাদের মধ্যে আগ্রহ থাকে। অনেক সময় ফুটবল লিগে এমন খেলোয়াড় থাকে যারা খুব বেশি সুযোগ পায় না। ক্লাবগুলো চাইলে তাদের ফুটসালে খেলাতে পারে। এছাড়া জাতীয় দলের ট্রায়ালে অংশ নেওয়া খেলোয়াড়দের একটি তালিকা আছে—কোনও ক্লাব চাইলে সেখান থেকেও খেলোয়াড় নিতে পারবে। আশা করছি, দল গঠনে সমস্যা হবে না। আমরা বিদেশি কোচ এনে লিগ শুরুর আগে সব দলকে পরামর্শও দেবো, যেন তারা ফুটসালের সঙ্গে মানিয়ে নিতে পারে।’
লিগ চালু হলে সাবিনা-মাসুরাদের আর বসে থাকতে হবে না, সুযোগ পাবেন অন্য খেলোয়াড়রাও। এমনকি কানাডাপ্রবাসী রাহবার খানও চাইলে অংশ নিতে পারবেন। পাশাপাশি লিগ হলে খেলোয়াড়দের আর্থিক পারিশ্রমিকের সুযোগও তৈরি হবে।
লিগ শেষে সেরা খেলোয়াড়দের বাছাই করে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন ইমরানুর রহমান। তিনি জানান, ‘আমাদের লক্ষ্য এশিয়ান কাপ। ২০২৭ সালে বাছাই পর্ব হবে। লিগ শেষে খেলোয়াড় বাছাই করে আমরা দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করবো, যেন ভালো ফল পাওয়া যায়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভাই আমাদের অনেক সহযোগিতা করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। তার কারণেই আমরা লিগ আয়োজন করতে পারছি।’