ইনজুরিতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন।
কোচ কার্লো আনচেলত্তি বৃহস্পতিবার ঘোষিত দলে আলিসনকে রাখলেও এখন তার বদলি একজনকে নিতেই হচ্ছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সুজাকে নিয়েছে তারা।
সূচি অনুযায়ী, ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
চোটের কারণে ৩৩ বছর বয়সী আলিসন শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে লিভারপুলের ম্যাচটিও মিস করবেন। লিভারপুল ইকোর তথ্য অনুযায়ী, এ ম্যাচে গোলবারের নিচে জর্জি মামারদাশভিলিকে দেখা যেতে পারে।
চলতি মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করছেন আলিসন। ১০ মার্চ গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। যদিও এর আগের দুই ম্যাচে একাদশে ছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে লিভারপুলের আটটি ম্যাচেও অনুপস্থিত ছিলেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।