বিশ্বকাপের আর বেশি বাকি নেই। তার ওপর নেইমারের দলে থাকা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। এই অবস্থায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এমন সংবাদ দিয়েছেন, তাতে আশান্বিত হওয়ার খবর আছে। তার ২৬ সদস্যের দলে নেইমারের থাকার সম্ভাবনা অবশ্যই আছে। সেজন্য প্রয়োজনীয় শর্তপূরণে দুই মাস সময় পাচ্ছেন তিনি।
আনচেলত্তি আগেই বলেছেন, নেইমারকে দলে রাখা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু দলে থাকতে হলে প্রয়োজনীয় ফিটনেসটা থাকতে হবে। আর সেটা হতে হবে শতভাগ। কিন্তু সর্বশেষ গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা হয়নি এই ফিটনেস ইস্যুতেই!
হাঁটুর ইনজুরিতে সেই ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের সর্বোচ্চ স্কোরারের খেলা হয়নি। তাছাড়া গত বছর সান্তোসে ফেরার পর থেকে ধারাবাহিকতা ধরে রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি।
বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে পরাজয়ের পর গ্যালারিতে নেইমারের নামে স্লোগানও ওঠে। কিন্তু সে সময় বিষয়টি গুরুত্ব দেননি কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত মাঠে নামা খেলোয়াড়দেরই।
পরে এবার অবস্থান কিছুটা বদলেছে ইতালিয়ান এই কোচের। উত্তর আমেরিকা ও মেক্সিকোয় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানোর ভাবনায় নেইমার এখনও তার ভাবনায় আছেন বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।
ফরাসি সংবাদমাধ্যম লেপিককে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘বর্তমানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আমি তাকে পর্যবেক্ষণে রেখেছি। সামনে তার হাতে এখনও দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার, সে পরবর্তী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা রাখে।’
হাঁটুর চোট কাটিয়ে নেইমারের ফেরার প্রসঙ্গ টেনে আনচেলত্তির মন্তব্য, ‘চোটের পর সে ভালোভাবেই ফিরেছে, গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।’