বাংলাদেশ ফুটবল লিগে আজ (শুক্রবার) ঘটনাবহুল এক দিন গেছে। বসুন্ধরা কিংস ও পুলিস এফসির ম্যাচে বদলি খেলোয়াড় নামানো নিয়ে প্রায় ৭০ মিনিট ম্যাচ বন্ধ ছিল, যা ফুটবল ইতিহাসে নজিরবিহীন। শেষ পর্যন্ত দুই লাল কার্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড ২-০ গোলে পিডাব্লিউডিকে হারিয়েছে। পা ওমরের হ্যাটট্রিকে ফর্টিস এফসি ৭-১ গোলে জিতেছে ইয়ংমেন্স ফকিরেরপুল।
কিংস অ্যারেনাতে শুক্রবার (৮ মে) ৬৪ মিনিটে বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ১-১ গোলে স্কোর থাকার সময় ভজঘট লাগে। পুলিশের বিদেশি খেলোয়াড় নামানো নিয়ে আপত্তি তোলে কিংস। বাফুফের নিয়ম অনুযায়ী, একসঙ্গে তিনজন বিদেশি খেলোয়াড় মাঠে থাকতে পারবেন। তবে, পুলিশের বিদেশি খেলোয়াড় পাওলো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দলটি ১০ জনে পরিণত হয়। এরপর পুলিশ একজন দেশি খেলোয়াড়কে তুলে দানিলোকে নামাতে গেলে আপত্তির সৃষ্টি হয়।
এ নিয়ে খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ফের খেলা শুরু হলে আর কোনও গোল হয়নি। মাঝে দুই দলের কার্লোস ও রিমন লাল কার্ড দেখেন।
এদিকে, অবনমন অঞ্চলের দল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। সুলেমানে দিয়াবাতে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট হলো আবাহনীর। ৩৫ পয়েন্ট কিংসের। পরের ম্যাচে দুই দল মুখোমুখি হবে। শিরোপা নিশ্চিত হতে পারে সেই ম্যাচেই।