ফুটবলে ফিরছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব

দু’বছর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেশাদার ফুটবল লিগ থেকে দূরে সরে গিয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অন্যতম পুরোনো ক্লাবটি আবারও ফুটবলে ফিরতে যাচ্ছে। এবার ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে ফুটবলে দেখতে পাওয়ার অপেক্ষা।

আজ (শুক্রবার) ক্লাবটিতে পরিদর্শনে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে বসে আবারও বিভিন্ন খেলাতে পুরোপুরি ফেরার আহ্বান জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার। 

সভা শেষে ক্লাবটির অ্যাডহক কমিটির আহবায়ক ইশতিয়াক সাদেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা ক্রিকেটে তো আছি, আবারও ফুটবলে ফিরছি। চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে আগামী মৌসুমে ফিরবো। লক্ষ্য আগের মতো মূল স্তরে খেলা। এছাড়া হকিসহ আরও কিছু খেলাতে আমাদের নতুন করে অংশগ্রহণ থাকবে।’

ধানমন্ডি ক্লাবটির নিজস্ব পরিপাটি মাঠসহ ক্লাব টেন্ট রয়েছে। সুবিধাদিও কম নয়। ইশতিয়াক সাদেক চাইছেন তিন বছরের মধ্যে একটি টেকসই ক্লাব বানাতে। ডোনেশনের মাধ্যমে ক্লাবকে না চালিয়ে নিজেদের আয়ে চলতে, যেন অন্যদের কাছে উদাহরণ হয়ে থাকে।

তার কথা, ‘আমরা ধানমন্ডি ক্লাবকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ডোনেশন প্রথা থেকে বের হয়ে নিজস্ব আয়ে ক্লাব চলবে। যেন প্রতিবার দল গড়তে অন্যের দ্বারস্থ হতে না হয়। এর জন্য কিছু প্রকল্প নিতে হবে। আয়ের উৎস তৈরি করবো। আমাদের কাছে তেমন মডেলও আছে। আমি মনে করি, এটা সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রীও চান, আমরা নিজস্ব গতিতে যেন এগিয়ে যাই। আশা করছি, আমরা তা করে দেখাতে পারবো।’