রিয়ালের ঘুরে দাঁড়ানোর লড়াই

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে আনে ভলফসবুর্গ। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় প্রতিপক্ষের মাটিতে পরাজিত হয়ে যেন কিছুটা ছন্দহীন জিনেদিন জিদানের শিষ্যরা। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় লা লিগায় এইবারের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ভলফসবুর্গের বিপক্ষে পরাজয়ের পর রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য বলেছিলেন, দল ঘুরে দাঁড়াবে বলেই তার বিশ্বাস। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বড় জয় নিয়ে সেমি-ফাইনাল খেলার ব্যাপারেও দারুণ আশাবাদী তিনি। তার এই আশা শিষ্যরা পূরণ করতে পারবেন কিনা সেটা কিছুটা হলেও বোঝা যাবে এইবারের বিপক্ষের ম্যাচে।
লা লিগায় শীর্ষে থাকা বার্সার চেয়ে ১০ পয়েন্ট পেছনে পড়ায় রিয়ালের জন্য শিরোপা জয় অনেকটা অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু ক্লাসিকোতে বার্সাকে হারানোর ফলে সেই ব্যবধান কমে আসে ৭ পয়েন্টে। সেই সুবাদে দেখা দিয়েছে নতুন সম্ভাবনাও। এজন্য অবশ্য জয়ের কোনও বিকল্প নেই রিয়ালের সামনে। শনিবার এইবারের বিপক্ষে জয় তুলে নিতে পারলে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে উঠে আসবে রোনালদোরা।
সেটি অবশ্য খুব কঠিন হওয়ার কথা নয় রিয়ালের জন্য। এইবার এর আগের ৭টি ম্যাচের ৫টিতেই হেরেছে। বাকি ২টিতে করেছে ড্র।
/এমআর/