বাফুফে নির্বাচন: মনোনয়নপত্রের দাম লাখ টাকা

আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এ উপলক্ষে মনোনয়নপত্রের নতুন মূল্য ধার্য্য করা হয়েছে। গত নির্বাচনে যে কোনও মনোনয়নপত্রের মূল্য ছিল ৫ হাজার টাকা করে। তবে এবার ব্যতিক্রম ঘটছে।

সভাপতি পদে নির্বাচন করতে হলে এবার এক লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনতে হবে, সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্রের জন্য দিতে হবে ৭৫ হাজার টাকা। সহ-সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য করা হয়েছে ৫০ হাজার টাকা। সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা।

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, সভাপতি পদে যে কেউই যাতে মনোনয়নপত্র কিনতে না পারেন সে জন্যই এ ব্যবস্থা। তিনি বলেন, 'এমন ব্যক্তিই যেন মনোনয়নপত্র সংগ্রহ করেন যিনি নির্বাচন করবেন। সে জন্যই সভাপতির মনোনয়নপত্রের মূল্য এক লাখ টাকা রাখা হয়েছে। অতীতে দেখা গেছে শুধু নাম প্রচার করার জন্য অনেকে সভাপতির মনোনয়নপত্র কিনে পরে তা প্রত্যাহার করেন।'

আাগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে মোট ডেলিগেটের সংখ্যা হবে ১৩৪ জন। তবে বেশ ক’টি জেলার ডেলিগেটের নাম নিয়ে বিতর্ক থাকায় এ সংখ্যা কমতে পারে। আজ বাফুফে ভবনে নির্বাহী কমিটির এক সভায় আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা অনুমোদিত হয়, উল্লেখ্য গত ২০১২ সালের ২৮ এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ডেলিগেটের সংখ্যা ছিল ১২২।noname

সভাটি দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও এটি শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত, খসড়া ভোটার তালিকা কোনও আপত্তি থাকলে তা নিষ্পত্তি করবে ফেডারেশন। ১৩ এপ্রিলের মধ্যে এসব অভিযোগ নিষ্পত্তি করবে ফেডারেশন। এদিন রাতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা যা নিযে আগামী ১৫ এপ্রিল থেকে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করবে বাফুফের নির্বাচন কমিশন।

/আরএম/এমআর/