কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বুধবার সকাল ৭টায়। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপেও খেলা দেখা যাবে।
মেসির জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এবার দেখে নেওয়া যাক দুই দল নিয়ে অজানা কিছু তথ্য:
*লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ফিফা বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলেছেন, যা যেকোনও ফুটবলারের মধ্যে সর্বোচ্চ।
*মেসি আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলতেও যাচ্ছেন। পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।
* এবারই প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা-আলজেরিয়া মুখোমুখি হতে যাচ্ছে। দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালের জুনে একটি প্রীতি ম্যাচে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করেন মেসি, আর ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
*নিজেদের শেষ ১৪টি বিশ্বকাপে ১৩ বারই প্রথম রাউন্ড পেরিয়েছে আর্জেন্টিনা। একমাত্র ব্যতিক্রম ছিল ২০০২ সালের আসর।
*আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে সর্বশেষ ছয়টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা; যার পাঁচটিই ছিল নাইজেরিয়ার বিপক্ষে। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের পর আর কোনও আফ্রিকান দলের কাছে তারা বিশ্বকাপে হারেনি। সেই ম্যাচটিই ছিল সর্বশেষ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে গোল করতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা।
*বিশ্বকাপে আলজেরিয়ার সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। শেষ ১০ বিশ্বকাপে মাত্র একবার জিতেছে তারা।