মেসিকে ‘ম্যাডম্যান’ বললেন হালান্ড 

উত্তর আমেরিকা বিশ্বকাপে প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স লিওনেল মেসির। ক্যারিয়ারের শেষ দিকে এসে হ্যাটট্রিক করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। হয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা। এমন পারফরম্যান্সের পর চারদিক থেকে প্রশংসায় ভাসছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার। 

ঠিক ২০ বছর আগে এই ১৭ জুনেই (২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে) বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। নিজের ২০ বছর পূর্তির দিনে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করেন রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক পাস থেকে। দ্বিতীয় গোলটি আসে সুযোগসন্ধানী রিবাউন্ড থেকে এবং ম্যাচের শেষ দিকে চোখধাঁধানো এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি মেসির ক্যারিয়ারের ৬১তম এবং আর্জেন্টিনার জার্সিতে ১১তম হ্যাটট্রিক।

একই দিনে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। তবে আর্জেন্টিনার ম্যাচে ঠিকই দৃষ্টি ছিল তার। মেসির হ্যাটট্রিকের পর হালান্ড নিজের স্ন্যাপচ্যাটে লিখেছেন, ‘মেসি ইজ আ ম্যাডম্যান’ (মেসি সত্যিই একটা পাগল)!’

এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ঐতিহাসিক ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। তার সতীর্থ রদ্রিগো ডি পল বলেছেন, ‘লিও দলে থাকা মানেই একটা বাড়তি সুবিধা। ও যেভাবে পুরো দলকে নেতৃত্ব দেয় এবং সামনে এগিয়ে নেয়, তা অবিশ্বাস্য। ও কখনও নিজের ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেই না। সবসময় দলকেই ও অগ্রাধিকার দেয়।’