ডালাসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এই ম্যাচেই ফুটবল ইতিহাসের পাতা ওলটপালট করে দেওয়ার এক সুবর্ণ সুযোগ লিওনেল মেসির সামনে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামলেই মেসির সামনে থাকছে তিনটি রেকর্ড গড়ার।
সর্বোচ্চ গোলের মালিক
আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে আজ আর মাত্র একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হয়ে যাবেন রোজারিও থেকে আসা এই মহাতারকা।
জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ
ক্লোসার আরও একটি রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে মেসির ১৬তম জয়। এই জয়ে তিনি ক্লোসার সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন। অস্ট্রিয়াকে যদি আর্জেন্টিনা আজ হারাতে পারে, তবে ১৭টি জয় নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হয়ে যাবেন মেসি।
রিভেলিনোর ‘বক্সের বাইরের’ ম্যাজিক ভাঙার অপেক্ষা
বিশ্বকাপের ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে রাজত্ব করছেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ মিলিয়ে বক্সের বাইরে থেকে ৫টি গোল করেছিলেন এই সেলেসাও মিডফিল্ডার। আলজেরিয়ার বিপক্ষে বাঁ পায়ের চোখধাঁধানো এক দূরপাল্লার শটে গোল করে রিভেলিনোর সেই অনন্য রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।
রিভেলিনো তার ৫টি গোল করেছিলেন চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জাইরে ও পূর্ব জার্মানির বিপক্ষে। মেসি বক্সের বাইরে থেকে গোল করার এই কীর্তি ছড়িয়ে দিয়েছেন তিন বিশ্বকাপে—২০১৪ সালে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ সালে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এবার ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে। অস্ট্রিয়া ম্যাচে বক্সের বাইরে থেকে আরেকটি গোল করতে পারলেই রিভেলিনোকে টপকে দূরপাল্লার গোলের একক রাজত্ব থাকবে মেসির হাতে।