আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই মাঠের উত্তেজনা বাড়িয়ে দিলেন অস্ট্রিয়ার গোলকিপার
সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রিয়ার ৩০ বছর বয়সী গোলকিপার শ্লাগারকে। জবাবে কোনও লুকোছাপা না করে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি নিজের পছন্দের কথা অকপটে স্বীকার করেন তিনি,'মূলত, আমি একটু বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো ঘরানার ভক্ত।
তবে তাৎক্ষণিকভাবে মেসির প্রতি তার শ্রদ্ধা ও মুগ্ধতার কথা স্পষ্ট করে দেন। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, মেসির মুখোমুখি হওয়াটা একটি বিশেষ চ্যালেঞ্জ,'
'তিনি (মেসি) এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরে অবিশ্বাস্য রকমের উচ্চ স্তরে পারফর্ম করে আসছেন। তার বিরুদ্ধে কোনও কিছু বলা বা বলার চেষ্টা করাটাও হবে ধৃষ্টতা।'
রেড বুল সালজবার্গের এই গোলকিপার আরও যোগ করেন, 'মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি পুরো দলেই ফুটে ওঠে। তিনি যখন মাঠে থাকেন, তখন যে আবহ তৈরি করেন এবং সতীর্থদের মাঝে যে শক্তি সঞ্চার করেন তা সত্যিই দারুণ। এই কারণেই আমি ম্যাচটি খেলার জন্য ভীষণ উন্মুখ হয়ে আছি এবং তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব।'
বিশ্বকাপের 'জে' গ্রুপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠে নামছে।