‘তারা মুখে যা খুশি বলতে থাকুক’

ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডার মার্কুইনহোস জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাইয়ের মন্তব্যের জবাব দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সোমবার (২৯ জুন) হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। গত শনিবার কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপানি এই স্ট্রাইকার বলেছিলেন যে, ‘ব্রাজিল আর আগের মতো নেই।’

মার্কুইনহোস নিশ্চিত করেছেন যে, এই খেলোয়াড়ের বক্তব্যটি জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আলোচনার একটি প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

সাক্ষাৎকারে মার্কুইনহোস মন্তব্য করেন, ‘ওটুকুই যথেষ্ট (তিনি যা বলেছেন)। এটা ভালো যে তারা এভাবে কথা বলা চালিয়ে যাচ্ছে, কারণ এটি আমাদের দলকে আরও বেশি অনুপ্রাণিত করছে। আমরা প্রায় এক মাস ধরে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে, আমরা আমাদের লক্ষ্যের দিকে খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

‘এই ধরনের কথাবার্তা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিচ্ছি—আমাদের অনুপ্রাণিত করার জন্য তারা মুখে যা খুশি বলতে থাকুক’, যোগ করেন ব্রাজিল অধিনায়ক।