অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ

রাউন্ড অব ৩২-এর নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচটি নির্ধারিত সময়ে মীমাংসা হয়নি। খেলার নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। এতে বিশ্বকাপের নকআউটের টানা দ্বিতীয় ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় রেজাল্ট না এলে এরপর পেনাল্টি শুটআউটে মীমাংসা হবে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মনতেরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে নামে দুই দল। শুরু থেকে খেলায় উত্তেজনা ছড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল।

প্রথমার্ধে তুলনামূলক বেশি বিপজ্জনক আক্রমণ করেছে মরক্কো। ডান প্রান্ত দিয়ে আশরাফ হাকিমির কয়েকটি দারুণ ওঠা এবং নিল এল আইনাউইয়ের সুযোগ ডাচ রক্ষণকে ব্যস্ত রাখে। তবে গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন দৃঢ়তার সঙ্গে সেগুলো সামাল দেন।

অপরদিকে, প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে নিজেদের সেরা সুযোগ পায় নেদারল্যান্ডস। ৪৪তম মিনিটে মিকি ভ্যান ডে ভেনের দূরপাল্লার জোরালো শট এক হাতে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। প্রথমার্ধে এটিই ছিল ডাচদের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ।

দ্বিতীয়ার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। তবে গোলের দেখা মিলেছে দুটি। ম্যাচের ৭২ মিনিটে সামারভিলের বাড়ানো বলে অসাধারণ এক গোল করেন ডাচ স্ট্রাইকার কোডি গ্যাপকো। এরপর আক্রমণের দেখা নেই দুই দলের। মনে হচ্ছিল ডাচরা পরের রাউন্ডে যাচ্ছে। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে ইসসা ডিওপের অসাধারণ এক হেডে সমতায় ফেরে মরক্কো। আর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এর আগে জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচও নির্ধারিত সময়ে সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় শুটআউটে। সেখানে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় লাতিনের প্যারাগুয়ে।