ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। বিরতির ঠিক আগে মিকেল ওইয়ারজাবালের গোলে কাঙ্ক্ষিত লিড পায় লা রোহারা। 

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না স্পেন। শেষ পর্যন্ত ৩৬ মিনিটে বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন মিকেল ওইয়ারজাবাল। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

গোলের আগে মার্ক কুকুরেয়ার একটি শট জালে গেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া অ্যালেক্স বায়েনার দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ফিরতি আক্রমণে লামিনে ইয়ামালের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।

নকআউট পর্বে কঠিন এক পথে রয়েছে স্পেন। অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে পারলে পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়া।