বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার বিদায়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর এবার লিওনেল মেসির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ঘানার আলোচিত ওঝা নানা কোয়াকু বোনসাম।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
তবে মাঠের লড়াইয়ে তার ভবিষ্যদ্বাণী টেকেনি। মায়ামিতে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল অভিষিক্ত কেপ ভার্দে। শেষ পর্যন্ত ১১১ মিনিটে আত্মঘাতী গোলে জয় পায় আর্জেন্টিনা।
ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাখ্যা দেওয়ার বদলে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে তাকে শুভকামনা জানান বোনসাম। সেখানে তিনি লেখেন, ‘আমি, নানা কোয়াকু বোনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি, আমার ভাই মেসি। কোফির শক্তি তোমার সঙ্গে থাকুক। সেই শক্তি এখনও তোমার পাশেই আছে।’
আর্জেন্টিনা তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করার পর পর দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কাড়ে। বিশেষ করে কেপ ভার্দের মতো চমক জাগানো একটি দলের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর বোনসামের এই অবস্থান পরিবর্তন নিয়ে শুরু হয় নানা আলোচনা।
বিশ্বকাপজুড়ে বোনসাম নানা ভবিষ্যদ্বাণীর কারণে আলোচনায় ছিলেন। ঘানার ইংল্যান্ড ম্যাচের আগে দাবি করেছিলেন, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি ‘কালোজাদু’ করেছেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর বোনসাম আবার জানান, তিনি কেইনের ওপর থেকে কালোজাদুর প্রভাব সরিয়ে নিয়েছেন।