বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর একই একাদশ প্রায় অপরিবর্তিত রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘আগেও কয়েকবার একই দল মাঠে নামিয়েছি। এবারও যদি তাই হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য কিছু পরিবর্তন হতে পারে। তবে মূল পরিকল্পনা আগের ম্যাচের দলটিকেই ধরে রাখার। মিশরের বিপক্ষে আমরা অনেক ইতিবাচক দিক দেখাতে পেরেছি।’
লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে নেওয়ার সিদ্ধান্তও সফল হয়েছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।
তিনি বলেন, ‘আমরা পরিবর্তন এনেছিলাম কারণ মনে হয়েছিল দল আরও ভালো করতে পারবে। লিয়ান্দ্রো মাঠে নামার পর বলের নিয়ন্ত্রণ ও পাসিংয়ে আমরা অনেক উন্নতি করেছি। আলেক্সিস (ম্যাক অ্যালিস্টার)ও দারুণ খেলেছে।’
সুইজারল্যান্ডকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না স্ক্যালোনি।
তার ভাষ্য, ‘সহজ কোনও প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড খুবই ভালো দল। তারা নিয়মিত বড় বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং বিশ্বকাপে তাদেরও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা কলম্বিয়াকে হারিয়ে এখানে এসেছে, সেটাই তাদের সামর্থ্যের প্রমাণ।’
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তিনি স্পেন ও ফ্রান্সের প্রশংসাও করেন।
তিনি বলেন, ‘স্পেন যোগ্য দল হিসেবেই জিতেছে, যদিও ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফ্রান্সও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। আমাদের কথা বলতে গেলে, কেপ ভার্দের ম্যাচটি বাদ দিলে আমরা ভালোই খেলছি। অনেক সুযোগ তৈরি করেছি, যদিও কিছু ভুল ছিল। মিশরের বিপক্ষে আমরা আরও ভালো খেলেছি।’
২০২২ কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা টেনে স্ক্যালোনি বলেন, ‘বর্তমান দলটিও বড় ম্যাচ খেলতে ভয় পায় না। কাতারে আমরা ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছিলাম। তবে মিশরের বিপক্ষেও আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। এই দল এখন আর বড় ম্যাচের চাপকে ভয় পায় না।’
তবে কাতার বিশ্বকাপের মতো ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখা যে সবসময় সম্ভব নয়, সেটিও মনে করিয়ে দেন তিনি।
কোচ বলেন, ‘আপনি সবসময় কাতারের মতো এত ভালো খেলতে পারবেন না। এটা খুব কঠিন। আমরা সেই মানে পৌঁছানোর চেষ্টা করি, অনেক সময় সফলও হই, কিন্তু প্রতিটি ম্যাচে সেটা সম্ভব হয় না।’
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল সম্প্রতি ফ্রান্স-স্পেন সেমিফাইনালকে 'ফাইনালের আগের ফাইনাল' বলে মন্তব্য করেছিলেন। সেই মূল্যায়নের সঙ্গেও একমত আর্জেন্টিনা কোচ।
তিনি বলেন, ‘অবশ্যই আমি একমত। দুটি দলই শিরোপার বড় দাবিদার। ইয়ামাল ভুল কিছু বলেনি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের মধ্যে কেবল একটি দলই ফাইনালে উঠতে পারবে।’