ইংল্যান্ড ম্যাচ কেন মেসির কাছে ‘স্পেশাল’

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব অর্জনই ছুঁয়ে দেখেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে মুখোমুখি হয়েছেন বিশ্বকাপ জয়ী প্রায় সব পরাশক্তির। কিন্তু ৩৯ বছর বয়সী খুদে জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ারে একটি জায়গায় শূন্যতা ছিল, বিশ্বমঞ্চে কখনোই তার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়নি। আগামী বুধবার আটলান্টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ সেমিফাইনালে সেই অধরা বৃত্তই পূরণ হতে যাচ্ছে আলবিসেলেস্তে অধিনায়কের। আর ফাইনালের টিকিট নির্ধারণী এই মহারণকে নিজের ক্যারিয়ারের অন্যতম ‘বিশেষ’ ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন মেসি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের নাটকীয় জয়ের পর ফিফা কর্তৃক উদ্ধৃত এক প্রতিবেদনে মেসি বলেন, সত্যি বলতে, এই ম্যাচটি ভীষণ বিশেষ। কারণ এটিই আমার প্রথম। আমি ইংল্যান্ড ছাড়া বিশ্ব ফুটবলের সব বড় দলের বিরুদ্ধে খেলেছি। তারা একটি পরাশক্তি। সেমিফাইনালের মতো মঞ্চে এমন একটি বড় দলের বিরুদ্ধে খেলতে পারাটা সব সময়ই দারুণ ব্যাপার।

এর আগে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের বিরুদ্ধে খেললেও ইংল্যান্ডই ছিল মেসির আন্তর্জাতিক জীবনবৃত্তান্তে বাকি থাকা একমাত্র পরাশক্তি। এর আগে ২০০৫ সালের নভেম্বরে জেনেভায় ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের সুযোগ এলেও হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে লাল কার্ড পাওয়ায় সেবার মাঠে নামা হয়নি তার।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার পথচলা ছিল বেশ রোমাঞ্চকর। শেষ ষোলোতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রথম গোলে অ্যাসিস্ট করেন মেসি। পরবর্তীতে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেসের শেষ মুহূর্তের ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কাতার বিশ্বকাপে পোল্যান্ড ম্যাচের পর এই প্রথম কোনও ম্যাচে গোল পাননি মেসি। টানা কঠিন ম্যাচ খেলে ক্লান্ত দল নিয়ে মেসি বলেন, আমাদের কিছুটা বিশ্রাম দরকার, কারণ প্রচুর মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্কোয়াডের ওপর এর প্রভাব পড়েছে, তবে আমরা যেভাবে লড়াই করছি তা ধরে রাখতে সেরা অবস্থায় থেকেই মাঠে নামবো।

২০০২ বিশ্বকাপের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে। দীর্ঘ ২৪ বছর পর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথে নিজের নাম লেখানোর পাশাপাশি ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে চোখ রাখছেন লিওনেল মেসি।

সূত্র: এনডিটিভি