এবারের বিশ্বকাপ অনেক দিক দিয়েই প্রথম হিসেবে নাম লিখিয়েছে। এই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এবার দর্শকদের জন্য থাকছে সুপার বোলের আদলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনও। আর সে কারণেই রবিবারের ফাইনালে হাফটাইমের বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিরতিটা ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে।
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এক বর্ণিল সংগীতানুষ্ঠান। যৌথভাবে পারফর্ম করবেন বিশ্বসেরা দুই সংগীত তারকা ম্যাডোনা ও শাকিরা, পাশাপাশি মঞ্চ মাতাবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হাফটাইম প্রায় ২০ মিনিট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আরেকটি পরিকল্পনা অনুযায়ী, প্রথমে নিয়মিত ১৫ মিনিটের বিরতি দেওয়া হবে, এরপর আলাদাভাবে ১১ মিনিটের সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের হাফটাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে ফাইনালে বিরতির সম্ভাব্য দৈর্ঘ্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলছে।
অবশ্য এমন আয়োজন ফিফার জন্য নতুন নয়। গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও হাফটাইম মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল। এমনটা হয়েছিল নিউ জার্সিতে অনুষ্ঠিত কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পারফরম্যান্সের কারণে।
রবিবারের অনুষ্ঠানে সম্প্রতি যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া মঞ্চে থাকবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস, যেখানে বিশেষভাবে অংশ নেবে কোল্ডপ্লে। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে আছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। এর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।
সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের। আর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।